লক্ষ্মীপুরের রামগঞ্জে শাহেন শাহ আলী (৪০) নামে এক যুবক নারিকেল গাছে উঠে ডাব খেয়ে ঘুমিয়ে পড়েন। স্থানীয়রা তাকে বারবার নামতে বললেও তিনি নামেননি। একপর্যায়ে তিনি গাছেই ঘুমিয়ে পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে দুই ঘণ্টা চেষ্টার পর গাছ থেকে তাকে নামাতে সক্ষম হয়।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের পশ্চিম কাশিমনগর ঈদগাহ মাঠের পাশে এ ঘটনা ঘটে।
এ সময় শাহেন শাহ ফায়ার সার্ভিসকে বলেন, ‘আমি একটি ডাব গাছে খেয়েছি। ৭টি ডাব আপনাদের জন্য নিয়ে এসেছি।’ প্রত্যুত্তরে ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, ‘আমাদের দেওয়া লাগবে না। ডাবগুলো বিক্রি করে আপনি কিছু খাইয়েন।’
স্থানীয় পারভেজ হোসেন ও ইকবাল হোসেন বলেন, ‘গাছে উঠে ডাব খেয়ে ঘুমিয়ে পড়া ওই যুবক কিছুটা মানসিক প্রতিবন্ধী। তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি। আমরা অনেক চেষ্টা করেও তাকে নামাতে পারিনি।’
রামগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার রেজাউল করিম বলেন, ‘শাহেন শাহ নারিকেল গাছের চূড়ায় উঠে সেখানেই ঘুমিয়ে পড়েন। সেখানে তিনি ডাবও খেয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে নামতে বললেও তিনি নামতে চাননি। পরে মইয়ের সাহায্যে তাকে নিচে নামিয়ে আনা হয়। এ সময় তিনি রশিতে বেঁধে ৭টি ডাব নামান। পরে তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নামিয়ে দেওয়া হয়।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন