বাগেরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবর রহমান শহীদ জুলাই যোদ্ধা বিপ্লব শেখের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন এবং তার দুই বছর বয়সি কন্যার সার্বিক দায়িত্ব গ্রহণের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে মোল্লাহাট উপজেলার গাওলা ইউনিয়নের শারুলিয়া গ্রামে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শহীদ বিপ্লব শেখের স্ত্রী রিক্তা বেগমের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।
এ সময় শেখ মুজিবর রহমান বলেন, ‘শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না। বিএনপি সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে এবং তাদের সন্তানদের ভবিষ্যৎ নিরাপত্তা ও কল্যাণে সর্বাত্মক সহযোগিতা করবে।’
বক্তারা বলেন, ‘বিএনপি সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের দল। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
অনুষ্ঠান চলাকালে এলাকায় রাজনৈতিক আস্থা ও সমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে প্রায় শতাধিক হিন্দু বিএনপিতে যোগদান করেন। নবাগত সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় নেতৃবৃন্দ নবাগতদের শুভেচ্ছা জানিয়ে দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



