সুন্দরবনে মুক্তিপণের দাবিতে রিসোর্ট মালিকসহ অপহৃত দুই পর্যটককে উদ্ধার করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) রাতে তাদের উদ্ধারের তথ্য জানিয়েছে পুলিশ ও কোস্টগার্ড।
দাকোপ থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, সুন্দরবন থেকে অপহৃত পর্যটক ও রিসোর্ট মালিককে উদ্ধার করা হয়েছে। তারা সুস্থ রয়েছেন।
ওসি বলেন, সোমবার (৫ জানুয়ারি) সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে কোস্টগার্ড বিস্তারিত তথ্য জানাবে।
এর আগে গত ২ জানুয়ারি দুপুর ১২টার দিকে সুন্দরবনের কানুরখোলা খাল এলাকা থেকে বনদস্যুদের হাতে অপহৃত হন ঢাকা থেকে আসা পাঁচ পর্যটক। তারা খুলনার দাকোপের ঢাংমারী এলাকার গোল কানন নামক রিসোর্টে বেড়াতে এসেছিলেন।
ওই দিন বিকেলে তারা রিসোর্ট মালিকের সঙ্গে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আওতাধীন এলাকায় ঘুরতে যান। সে সময় বনদস্যু মাসুম বাহিনী তাদের অপহরণ করে। দস্যুরা দুই নারী পর্যটক এবং নৌকার দুই মাঝিকে ছেড়ে দিয়ে রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড় এবং পর্যটক সোহেল ও জনিকে নিয়ে যায়।
পরে রিসোর্ট মালিকের পরিবারের কাছে মোবাইলে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে জানায় পুলিশ। বিষয়টি জানার পর কোস্টগার্ড ও নৌ পুলিশ যৌথভাবে তাদের উদ্ধারে অভিযান শুরু করে।



