ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাগেরহাটজুড়ে চালু হলো ৯০ ফ্রি ওয়াইফাই জোন

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৪:৫৪ পিএম
ফ্রি ওয়াইফাই সংযোগ চালু করেছেন তরুণ উদ্যোক্তা ও সিলভার লাইন গ্রুপের পরিচালক মেহেদী হাসান প্রিন্স। ছবি- রূপালী বাংলাদেশ

চায়ের আড্ডার স্থান থেকেই শুরু হলো স্মার্ট বাগেরহাট গড়ার যাত্রা। ‘স্বপ্ন দেখি এক স্মার্ট বাগেরহাট’—এই প্রতিপাদ্য সামনে রেখে বাগেরহাট জেলাজুড়ে ৯০টি ফ্রি ওয়াইফাই সংযোগ চালু করেছেন তরুণ উদ্যোক্তা সিলভার লাইন গ্রুপের পরিচালক মেহেদী হাসান প্রিন্স।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে খান জাহান আলী মাজার মোড়ের একটি চায়ের দোকান থেকে প্রতীকীভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। তিনি জানান, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ, চায়ের টং, ব্যস্ত সড়ক এবং মোংলা বন্দর সংযোগ সড়কের গুরুত্বপূর্ণ স্থানে এসব ফ্রি ওয়াইফাই স্থাপন করা হচ্ছে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় ব্যবসায়ীরা বলেন, এখন চায়ের দোকানে বসেই মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারবে। এতে দোকানে ক্রেতা বাড়বে এবং এলাকাও আরও পরিচিত হবে। ফ্রি ওয়াইফাই চালু হলে আমাদের মতো ছোট ব্যবসায়ীদের অনেক উপকার হবে। অনলাইন লেনদেন, পণ্য অর্ডার এবং যোগাযোগ এখন আরও সহজ হবে।

এক কলেজ শিক্ষার্থী হুমায়ুন বলেন, মোবাইল ডাটা কিনতে অনেক সময় সমস্যায় পড়তে হয়। ফ্রি ওয়াইফাই থাকলে পড়াশোনা এবং অনলাইন ক্লাসে অনেক সুবিধা হবে। তরুণদের জন্য এটি একটি খুব ভালো উদ্যোগ।

উদ্যোক্তা মেহেদী হাসান বলেন, ইন্টারনেট এখন আর বিলাস নয়, এটি একটি মৌলিক চাহিদা। শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের জন্য প্রযুক্তিকে সহজলভ্য করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাগেরহাট জেলার আরও এলাকাকে এই ফ্রি ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় আনা হবে।