বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনের ১১ দলীয় ঐক্য-সমর্থিত ও জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ রাত সাড়ে ১০টায় জরুরি সংবাদ সম্মেলন করে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন।
তিনি দাবি করেন, কয়েকটি ভোটকেন্দ্রে একটি বিশেষ প্রতীকের কর্মীরা কেন্দ্রের ভেতরে প্রভাব বিস্তারের চেষ্টা করছে এবং কিছু স্থানে দায়িত্বরত পুলিশ সদস্যদের নিরপেক্ষ ভূমিকা দেখা যাচ্ছে না। এছাড়া গোপন বুথ সিসি ক্যামেরার সামনে স্থাপন করায় ভোটের গোপনীয়তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
রাহাদ আরও অভিযোগ করেন, তার কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং কেন্দ্রের ৪০০ গজের মধ্যে অবৈধভাবে নির্বাচনি অফিস স্থাপন করা হয়েছে।
তিনি রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সুষ্ঠু নির্বাচনি পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
বাগেরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মো. বাতেন বলেন, সিসি ক্যামেরাগুলো ঠিক করে দেওয়া হয়েছে এবং দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।


