বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীর মধ্যে সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সংঘর্ষের কারণ নিয়ে দুই দলই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে।
জামায়াতে ইসলামীর অভিযোগ, ধানের শীষ প্রতীকের নেতাকর্মীরা ভোটারদের মধ্যে টাকা বিতরণ করতে এলাকায় যায়। বিষয়টি জানতে পেরে স্থানীয় জামায়াত কর্মীরা সেখানে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে জামায়াতে ইসলামীর অন্তত ছয়জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
অন্যদিকে বিএনপির অভিযোগ, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা টাকা ও লিফলেট নিয়ে এলাকায় প্রবেশ করে। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপির দুই কর্মী আহত হয়েছেন বলে দলটির দাবি।
আহতরা হলেন—জামায়াতকর্মী তুহিন শেখ, হাবিবুর রহমান শেখ, গোলাম মোস্তফা, শিমুল শেখ, মো. হাসিবুল ও আলী মল্লিক এবং বিএনপির ভাস্কর চক্রবর্তী ও সেলিম শেখ।
বাগেরহাট মডেল থানার ওসি মাসুম খান জানান, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।


