ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাগেরহাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ১৪

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৬:০৬ পিএম
ছবি : সংগৃহীত

বাগেরহাটের রামপাল উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার বেলাইব্রিজ এলাকায় নৌবাহিনীর একটি বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দ্রুতগতির বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করে এবং আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেনাজ মোশাররফ জানান, সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালে ৮ জনের মরদেহ আনা হয়েছে। নিহতদের মধ্যে তিনজন শিশু, তিনজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন। এছাড়া একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কাটাখালি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কেএম হাসানুজ্জামান জানান, নৌবাহিনীর যাত্রীবাহী বাসটি খুলনার দিকে যাচ্ছিল এবং মাইক্রোবাসটি মোংলা অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে বেলাইব্রিজ এলাকায় দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার কারণ ও নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।