ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পুলিশের আইজিপির বাড়িতে দুর্ধর্ষ চুরি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৫:০৯ পিএম
ছবি- সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন নগরবাসী। ঈদের আনন্দের পাশাপাশি নিরাপত্তাহীনতার শঙ্কা দেখা দিয়েছে নগরবাসীর মধ্যে। এমন পরিস্থিতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের পৈতৃক বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

 সোমবার (১৬ মার্চ) দিবাগত  রাতে বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় আইজিপির পৈতৃক বাড়িতে এ ঘটনা ঘটেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতে বাগেরহাটে ঝোড়ো বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই অন্ধকারের সুযোগ নিয়ে চোর চক্র বাড়ির সীমানায় প্রবেশ করে। বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা থাকলেও অত্যন্ত চতুরতার সঙ্গে ক্যামেরার নজর এড়িয়ে তারা বিদ্যুতের মেইন লাইন থেকে মিটার পর্যন্ত প্রায় দুই কয়েল তামার তার কেটে নিয়ে পালায়। চুরি হওয়া এই তারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানানো হয়েছে।

মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয় এবং দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের বাড়িতে এমন চুরির ঘটনায় নড়েচড়ে বসেছে জেলা পুলিশ। চোর শনাক্ত করতে এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।

বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। কারা এই চুরির সঙ্গে জড়িত, তা উদ্ঘাটনের জন্য আমাদের একাধিক টিম কাজ করছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’