ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অসহায় মানুষের ঈদ আনন্দের সঙ্গী হলো সেনাবাহিনী

জয়দেব (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৭:৩৭ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

বান্দরবানের আলীকদম উপজেলায় সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের ঈদ আনন্দ বাড়াতে ৫০টি অসচ্ছল পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছেন আলীকদম সেনা জোনের কর্মকর্তা ও সদস্যরা।

রোববার (১৫ মার্চ) দুপুরে আলীকদম সেনা জোন প্রাঙ্গণে এসব ঈদ উপহার তুলে দেন আলীকদম জোনের অধিনায়ক।

স্থানীয়ভাবে আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় মানুষের মাঝে কিছুটা স্বস্তি ও আনন্দ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সেনা জোন কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক। এ সময় জোনের উপ-অধিনায়ক, জোনাল স্টাফ অফিসার এবং অন্যান্য সেনা কর্মকর্তা ও সদস্যরাও উপস্থিত ছিলেন।

ঈদ উপহার পেয়ে অসহায় বৃদ্ধা কুলছুমা বেগম বলেন, আমাকে দেখার মতো কেউ নেই। সেনাবাহিনীর সহায়তায় আমি এখনো বেঁচে আছি।

উপহার পাওয়া দিনমজুর মোহাম্মদ রশিদ বলেন, পরিবার নিয়ে ঈদ উদ্‌যাপন করতে পারব কি না সন্দেহ ছিল। টাকা-পয়সা না থাকায় কাপড়ও কিনতে পারিনি। কিন্তু সেনাবাহিনীর দেওয়া ঈদ সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য পেয়ে এখন অন্তত পরিবার নিয়ে ঈদ উদ্‌যাপন করতে পারব।

জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক দায়িত্ববোধ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের একটি অংশ। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় আলীকদম সেনা জোন স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।