মানবতার সেবায় প্রায় তিন যুগ ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বরগুনার স্বেচ্ছাসেবী সংগঠন কিশোর কলি উন্নয়ন পরিষদ। ১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি আর্তমানবতার পাশে দাঁড়িয়ে এলাকায় মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা তৎকালীন তরুণ সমাজকর্মী ও বর্তমানে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার ওসি পুলিশ ইন্সপেক্টর এইচ এম মহিবুল্লাহ। মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি নিজ এলাকায় একজন আস্থাভাজন ও প্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন।
প্রতিষ্ঠালগ্নে একঝাঁক তরুণ-তরুণীকে সঙ্গে নিয়ে মানবসেবার ব্রত নিয়ে যাত্রা শুরু করে কিশোর কলি উন্নয়ন পরিষদ। সময়ের পরিক্রমায় সংগঠনটি নিজ উপজেলা ছাড়িয়ে জেলা শহর ও আশপাশের এলাকাতেও মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
দীর্ঘদিন ধরে সংগঠনটি বৃক্ষরোপণ, শীতবস্ত্র বিতরণ, শিক্ষা ও ক্রীড়া উপকরণ প্রদান, শিক্ষাবৃত্তি, শিক্ষার্থীদের পোশাক বিতরণ, ঈদে শাড়ি-লুঙ্গি ও ঈদসামগ্রী বিতরণ, বইমেলা আয়োজন, ওরস্যালাইন বিতরণসহ স্বেচ্ছাশ্রমে সাঁকো ও রাস্তাঘাট সংস্কারের মতো নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ধারাবাহিক মানবসেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে সংগঠনটি সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমোদনও লাভ করেছে।
সাম্প্রতিক সময়ে কিশোর কলি উন্নয়ন পরিষদের উদ্যোগে বরগুনার পঁচাকোড়ালিয়া, আরপাঙ্গাসিয়া ও কড়াইবাড়িয়া—এই তিনটি ইউনিয়নের ছয় শতাধিক অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে কম্বল তুলে দেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হামিদা এনি।
এলাকাবাসীর আশা, মহিবুল্লাহর মতো মানবিক নেতৃত্ব, সরকারের সহযোগিতা এবং বিত্তবানদের সহায়তা পেলে কিশোর কলি উন্নয়ন পরিষদ ভবিষ্যতে মানবসেবার পাশাপাশি উন্নয়নমূলক কর্মকাণ্ড ও বেকারদের কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন