বরগুনায় জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে পৃথক বৈঠক করেছেন বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট প্রার্থীরা।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বরগুনা ১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লার সঙ্গে হোটেল উৎসবে বৈঠক করেন ইইউ প্রতিনিধিদল। এরপর সকাল ১১টায় হোটেল বে-অব বেঙ্গলে বরগুনা ২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ডা. সুলতান আহমদের সঙ্গে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকগুলোতে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে মো. নজরুল ইসলাম মোল্লা ও ডা. সুলতান আহমদ জানান, তারা একটি ভয়ভীতি ও প্রভাবমুক্ত নির্বাচনি পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।
এ সময় ইইউ পর্যবেক্ষকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচন প্রক্রিয়ায় প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক ভিকিন্তা রোসিনাইতে এবং ফেলো পিটার বাহচেভানোভ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন