বরিশাল শহরের সিঅ্যান্ডবি রোড-সংলগ্ন সরকারি একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠের মাটি খুঁড়তেই পাওয়া গেছে মানুষের মাথার খুলি। স্থানীয় শিশু-কিশোরেরা শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রর (টিটিসি) মাঠে মাটি খুঁড়ে খেলাধুলা করছিল। কিছুটা গভীরে যেতেই একটি মানুষের মাথার খুলি বেরিয়ে এলে ভয় পেয়ে শিশু-কিশোররা চিৎকার শুরু করে। এ সময় আশপাশের মানুষ ছুটে আসে এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশে খবর দেয়।
রাতে সংশ্লিষ্ট কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল গিয়ে খুলিটি উদ্ধার করলেও এ নিয়ে জনসাধারণের মনে কৌতূহলের শেষ নেই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় শনিবার বিকেলেও বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) মাঠে খেলাধুলা করছিল এলাকার অন্তত ১০/১২ শিশু-কিশোর। সন্ধ্যার কয়েক মিনিট আগে তারা মাঠের পূর্বপাশে মাটি খুঁড়ে খেলা করছিল। কিছুটা গর্ত করার পর সেখানে মানুষের মাথার খুলি দেখা যায়, এতে শিশুরা আতঙ্কিত হয়ে চিৎকার-কান্নাকাটি শুরু করে।
স্থানীয় একাধিক দোকানি জানায়, শিশুদের চিৎকার এবং কান্নাকাটি শুনে আশপাশের লোকজন দৌড়ে মাঠে প্রবেশ করে। একপর্যায়ে সেখানে গিয়ে একটি মানুষের মাথার খুলি দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশকে অবহিত করে। কিন্তু পুলিশ যাওয়ার আগেই ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় করে এবং এই মাথার খুলি কোথা থেকে এলো এ নিয়ে আলোচনা শুরু হয়। কিছুক্ষণ পর বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং তাদের সাথে ফরেনসিক টিমও ছিল।
কোতোয়ালি থানার ওসি মো. আল মামুন-উল ইসলাম বলেন, মাটির নিচ থেকে উদ্ধার হওয়া মানুষের মাথার খুলিটি অনেক পুরোনো। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে কীভাবে এলো এটা নিয়ে কৌতূহল তৈরি হয়। এবং এ নিয়ে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়েছে। মাথার খুলিটি পুলিশের ফরেনসিক বিভাগ উদ্ধার করেছে। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

