ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তারেক রহমানের নির্দেশে সরে গেলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী

বরিশাল ব্যুরো
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৬:৫৫ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রার্থিতা প্রত্যাহার করেছেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুস সত্তার খান। তিনি ধানের শীষের মনোনয়ন বঞ্চিত হওয়া সত্ত্বেও প্রতিদ্বন্দ্বিতার মাঠে থাকার ঘোষণা দিয়েছিলেন। এই আসনে সুপ্রিম কোর্টবারের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীনকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিজের প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন মুলাদী উপজেলা বিএনপির সভাপতি সত্তার খান। পাশাপাশি তিনি বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করতে অঙ্গীকার করেছেন।

এর একদিন আগে, ১৪ জানুয়ারি, রাজধানী ঢাকার গুলশানের বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করেন বরিশাল-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী সত্তার খান। এই সাক্ষাতের দুটি ছবি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন।

স্থানীয় বিএনপি জানিয়েছে, মুলাদী উপজেলা বিএনপির সভাপতি সত্তার খান বরিশাল জেলা বিএনপির সদস্য এবং তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছিলেন। তার মনোনয়নপত্র জেলা রিটার্নিং অফিসার অবৈধ ঘোষণা করলে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।

আপিলে বৈধতা প্রাপ্তির আগেই বরিশালের এই প্রবীণ নেতাকে বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় ডেকে নেয় বিএনপির হাইকমান্ড। সূত্র জানায়, গুলশান অফিসে নেতা তারেক রহমানের সঙ্গে তিনি ৩০ মিনিটের বেশি সময় কাটিয়েছেন। ধারণা করা হচ্ছে, তারেক রহমানের নির্দেশনা পাওয়ার পরই তিনি প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

অবশ্য বিএনপির গুলশান অফিসে তারেক রহমানের সঙ্গে তার আলাপের বিস্তারিত তিনি প্রকাশ না করলেও জানিয়েছেন, দেশ ও মানুষের সেবার প্রত্যয় থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার প্রতি পূর্ণ আস্থা ও শ্রদ্ধা জানিয়ে নির্বাচন কমিশন থেকে তার মনোনয়ন ও আপিল প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গেছে, সত্তার খান প্রার্থিতা প্রত্যাহার করতে বৃহস্পতিবার জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদনও করেছেন। এর আগে তিনি ব্যক্তিগত ফেসবুকে ভিডিও পোস্ট করে ধানের শীষের প্রার্থী জয়নুল আবেদীনকে জয়ী করার অঙ্গীকার করেন।

শহর লাগোয়া বাবুগঞ্জ এবং নদীবেষ্টিত মুলাদী নিয়ে গঠিত বরিশাল-৩ আসনে জামায়াতসহ ইসলামিক জোটের প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৮ নেতা।