ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার কসবা এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঢাকার নিউমার্কেট এলাকার বাসিন্দা, আব্দুল ওয়াহিদের ছেলে মো. ইলিয়াস হোসেন (৫৫), বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের মাইক্রোবাস চালক মো. রিপন মাঝী (৪৫)।
গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, খুলনাগামী টেকেরহাট এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বরিশালগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ ৫ জন গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসের চালকসহ দুইজন মারা যান।
গুরুতর আহতদের বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, বাস ও মাইক্রোবাস দুটি জব্দ করা হয়েছে। মহাসড়কে যানচলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন