ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরেক জামায়াত প্রার্থী

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৩:১৬ পিএম
জামায়াত প্রার্থী ফজলুল করিম। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ (বোরহানউদ্দিন ও দৌলতখান) আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী মাওলানা ফজলুল করিমের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা এসেছে। কেন্দ্রীয় সংগঠনের নীতিগত সিদ্ধান্ত ও বৃহত্তর ঐক্যের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) এক বিশেষ বার্তায় ভোলা-২ আসনের নির্বাচন পরিচালক মো. মাকসুদূর রহমান ভোটারদের উদ্দেশে এই সিদ্ধান্তের কথা জানান।

মাকসুদূর রহমান বলেন, এক বছর ধরে বোরহানউদ্দিন ও দৌলতখানের প্রতিটি অলিগলি এবং ঘরে ঘরে গিয়ে তারা যে গণজোয়ার ও ভালোবাসা পেয়েছেন, তা তাদের কাছে অমূল্য সম্পদ।

জনগণের এই স্বতঃস্ফূর্ত সমর্থন থাকা সত্ত্বেও সংগঠনের শৃঙ্খলার স্বার্থে এই 'কঠিন সিদ্ধান্ত' নিতে হয়েছে।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, সাংগঠনিক শৃঙ্খলা, কেন্দ্রীয় সংগঠনের নীতিগত সিদ্ধান্ত মেনে চলা। বৃহত্তর ইসলামি স্বার্থ এবং ইসলামি শক্তির ঐক্য বজায় রাখা। আদর্শিক দৃঢ়তা, এটি কোনো ভয় বা দুর্বলতা নয়; বরং আল্লাহর সন্তুষ্টির পথে একটি কৌশলগত অবস্থান।

এর আগে দলীয় সিদ্ধান্তে জামায়াতে ইসলামী মনোনীত কয়েকজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।