ভোলা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, ‘একটি রাজনৈতিক দলের লোকজন ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারী ভোটারদের বিভ্রান্ত করছে। তারা বাসাবাড়িতে গিয়ে তালিমের কথা বলে, নামাজ-রোজার কথা বলে। কাজগুলো চমৎকার, কিন্তু উদ্দেশ্যটা হয়তো ভালো না।’
তিনি বলেন, ‘৭১ সালে ওদের কাছে মা-বোনদের কোনো মূল্য ছিল না। এরা কম বয়সী নারীদের পাকবাহিনীর হাতে তুলে দিয়েছে। এখন তারা হঠাৎ করে অনুভব করল—আমাদের মা-বোনদের নাকি ওদের কাছে মূল্য আছে। আমরা শুনলাম, ভোটের আগে বিকাশে কিংবা অন্য কোনো মাধ্যমে খুচরা টাকা দিয়ে মা-বোনদের মূল্য নির্ধারণ করতে চায়।’
বুধবার (২৮ জানুয়ারি) ভোলা-৪ নির্বাচনি আসনের চরফ্যাশন উপজেলার আবুবকর ইউনিয়নে এক পথসভায় এসব কথা বলেন নুরুল ইসলাম নয়ন।
তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষার মান উন্নয়ন এবং নারীদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন। এমনকি সন্তানদের নামের পাশে শুধু বাবার নাম নয়, বাবার নামের পাশাপাশি মায়ের নাম যুক্ত করেছেন তিনি। ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় এলে নারীদের প্রতিটি অধিকারের প্রতি গুরুত্ব দেওয়া হবে।’
নারীদের উদ্দেশে নয়ন বলেন, ‘আপনারা অন্যায়ের প্রতিবাদ করবেন। নারীদের ইভটিজিংকারী ও মাদক কারবারিদের যদি পুলিশের হাতে তুলে দিতে পারেন, তাহলে আমি আপনাদের পাশে থাকব।’
এ সময় চরফ্যাশন উপজেলা বিএনপি ও আবুবকর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


