ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৮

ভোলা  প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০২:০৬ পিএম
বিএনপি–জামায়াত সংঘর্ষ। ছবি : রূপালী বাংলাদেশ

ভোলার মনপুরায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। ঘটনাস্থলে নৌবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে মনপুরা উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জামায়াতে ইসলামীর উত্তর সাকুচিয়া ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রহিম অভিযোগ করে বলেন, নির্বাচনি প্রচারের অংশ হিসেবে ভোট চাইতে গেলে বিএনপির লোকজন বাধা দেয়। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এতে জামায়াতের প্রায় পাঁচজন আহত হন।

অন্যদিকে বিএনপির সিনিয়র সহসভাপতি কামাল উদ্দিন বলেন, ভোট চাওয়ার নামে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে বিএনপির তিন থেকে চারজন নেতাকর্মী আহত হন।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম ফরাজি বলেন, বিএনপির নেতাকর্মীরা একটি বাড়িতে ভোট চাইতে গেলে পরে জামায়াতে ইসলামীর নেতারাও সেখানে উপস্থিত হন। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এবং এতে বিএনপির তিনজন আহত হন।

আহতদের মধ্যে বিএনপি সমর্থক হিসেবে রয়েছেন মো. গণিমাঝি, রাসেল হাওলাদার ও গণিমাঝির মা। অপরদিকে জামায়াত সমর্থকদের মধ্যে আহত হয়েছেন মো. ইদ্রিস, মো. রুবেল, তারেক, মাওলানা শরীফ ও মো. সাদ্দাম।

এ বিষয়ে মনপুরা থানার ওসি শেখ ফরিদ উদ্দিন বলেন, সংঘর্ষের ঘটনার কথা শুনেছি। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।