ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈদকে সামনে রেখে বাজারে বাড়ছে ক্রেতাদের ভিড়

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৪:৩৮ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ভোলায় জমে উঠেছে ঈদের কেনাকাটার বাজার। ঈদের মাত্র কয়েক দিন বাকি থাকায় জেলার বিভিন্ন মার্কেট, শপিংমল ও ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় দিন দিন বাড়ছে। বিশেষ করে ইফতারের পর শহরের বাজারগুলোতে লক্ষ্য করা যাচ্ছে উপচে পড়া ভিড়।

ভোলা শহরের জিয়া সুপার মার্কেট, বঙ্গ বাজার, কে-জাহান মার্কেট, জাহাঙ্গীর প্লাজা, তালুকদার ভবন, সদর রোড ও নতুন বাজার ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ক্রেতা উপস্থিত থাকলেও সন্ধ্যার পর বাজারে ভিড় কয়েকগুণ বেড়ে যায়। পরিবার-পরিজন নিয়ে অনেকেই ঈদের কেনাকাটায় বের হচ্ছেন, ফলে পুরো বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

বিক্রেতারা জানান, সবচেয়ে বেশি ভিড় দেখা যাচ্ছে শিশু-কিশোরদের পোশাকের দোকানগুলোতে। থ্রি-পিস, শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া, জিন্স, টি-শার্ট এবং বিভিন্ন ধরনের জুতার দোকানগুলোতে চলছে জমজমাট বেচাকেনা।

ভোলা শহরের পোশাক ব্যবসায়ী মো. শাখাওয়াত হোসেন বলেন, রমজানের শুরুতে বিক্রি কিছুটা কম ছিল, তবে গত কয়েকদিনে ক্রেতা বাড়তে শুরু করেছে। ঈদের শেষ সপ্তাহে বিক্রিও আরও বাড়বে বলে তিনি আশা করছেন।

সদর রোডের জুতা ব্যবসায়ী সোলায়মান জানান, শিশু ও তরুণদের জুতার চাহিদা সবচেয়ে বেশি, বিশেষ করে বিভিন্ন ডিজাইনের স্যান্ডেল, কেডস ও লেদারের জুতা বিক্রি হচ্ছে বেশি। মোবাইল ফোনের দোকানগুলোতে এখনো তেমন ভিড় দেখা যায়নি।

তালুকদার ভবনের মোবাইল ব্যবসায়ী মো. ফোরকান বলেন, পোশাক, জুতা ও কসমেটিকসের দোকানগুলোতে ঈদের আমেজ দেখা গেলেও মোবাইল ব্যবসায় এখনও সেই প্রভাব পড়েনি। তবে ঈদ যত ঘনিয়ে আসবে বিক্রিও বাড়বে বলে আশা করছেন তিনি।

কসমেটিকস ব্যবসায়ী মো. শাহাদাৎ জানান, ঈদ উপলক্ষে মেয়েদের মধ্যে লিপস্টিক, ফেস পাউডার, মেহেদি, পারফিউম ও স্কিন কেয়ার পণ্যের চাহিদা বেড়ে গেছে।

ক্রেতা উম্মে কুলছুম রেখা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যেও সন্তানদের জন্য ঈদের পোশাক কিনতেই হয়। অপর ক্রেতা সাইফুল জানান, এবার অনেক দোকানেই নতুন ডিজাইনের পোশাক এসেছে, তবে কিছু পণ্যের দাম গত বছরের তুলনায় কিছুটা বেশি।

ব্যবসায়ীরা বলছেন, ঈদ যত ঘনিয়ে আসছে, বাজারে ক্রেতাদের চাপ ততই বেড়ে চলেছে। নতুন নতুন পোশাক ও সামগ্রী বাজারে আসায় ভোলার বাজারগুলোতে এখন পুরোপুরি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।