ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পরীক্ষা খারাপ হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৭:২৪ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

চলমান এসএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে প্রত্যাশিত ফল না হওয়ায় মানসিক হতাশা থেকে তৈয়বা জাহান চৈতি (১৬) নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৪ মে) সকালে ভোলা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অফিসারপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

চৈতি ভোলার মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, চৈতি মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিলেন। সম্প্রতি অনুষ্ঠিত ইংরেজি পরীক্ষাটি ভালো না হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

চৈতির বাবা পুলিশ কনস্টেবল মো. শাহাবুদ্দিন ফকির বলেন, চৈতি আমাদের একমাত্র মেয়ে। ইংরেজি পরীক্ষা খারাপ হয়েছে বলে জানিয়েছিল, কিন্তু বিষয়টি তাকে এতটা ভেঙে দেবে তা বুঝতে পারিনি।

মা সোনিয়া বেগম জানান, সকালে চৈতি পাঙাস মাছ খাওয়ার ইচ্ছা প্রকাশ করে তাকে বাজারে পাঠান। বাজার থেকে ফিরে এসে দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মেয়ের মরদেহ দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশে খবর দেওয়া হয়। পরে ভোলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ভোলা থানার ওসি মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরীক্ষা খারাপ হওয়ায় হতাশা থেকেই এ ঘটনা ঘটেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে বিকেলে চৈতির মরদেহ গৌরনদীতে পারিবারিক কবরস্থানে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।