ভোলার লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে স্ত্রীর সঙ্গে অভিমান ও দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার মধ্যে আকবর (৩৫) নামে এক দিনমজুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ওই এলাকার হানিফ মিয়ার ছেলে।
রোববার (১৯ জুলাই) বিকেলে নিজ বাড়ির ঘরের সামনে এ ঘটনা ঘটে।
নিহতের বড় ভাই মাহবুব জানান, আকবর দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হলেও উল্লেখযোগ্য উন্নতি হয়নি। ঘটনার দিনও তিনি অসুস্থতার কথা বলছিলেন। পরে তার স্ত্রী কুলসুম (২৮) তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা বলে পাশের বাড়িতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে ঘরের আড়ার সঙ্গে আকবরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
প্রতিবেশী সুমন বলেন, দীর্ঘদিনের অভাব-অনটন ও শারীরিক অসুস্থতায় আকবর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়।
স্থানীয়দের ধারণা, দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা এবং এ নিয়ে পারিবারিক অভিমানের জের ধরেই তিনি আত্মহত্যা করেন।
লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য এবং স্ত্রীকে বাসায় না পেয়ে অভিমানে আকবর আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন