ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নন্দীগ্রামে প্রাণিসম্পদ সহায়তা ও ভিজিএফ চাল বিতরণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৭:১৭ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার নন্দীগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগীদের মাঝে গরু ও ছাগলের খাবার, পৌরসভার দরিদ্র পরিবারে ভিজিএফ চাল এবং শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে পশুখাদ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা। এদিন পৌরসভার ভিজিএফ চাল ও শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন সংসদ সদস্য। সঙ্গে ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ।

প্রাণিসম্পদ দপ্তর জানিয়েছে, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক নির্বাচিত সুফলভোগীরা উপকরণ পেয়েছেন।

উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হক, থানার ওসি তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, ভেটেরিনারি সার্জন ডা. রাশেদুল ইসলাম এবং ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মাহাবুর রহমান।

প্রাণিসম্পদ দপ্তরের নির্বাচিত সুফলভোগী ৩৪ জনের মাঝে ৭৯.৬ কেজি করে বকনার দানাদার খাবার, ৩৪ জনের মাঝে ১১৯.৬ কেজি করে ষাঁড়ের দানাদার খাবার এবং ৮১ জনের মাঝে ২৫ কেজি করে ছাগলের দানাদার খাবার বিতরণ করা হয়েছে।