ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ১০:৩৬ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

বগুড়ার দুপচাঁচিয়ায় গলায় ফাঁস দিয়ে নাঈম ইসলাম চঞ্চল (১৭) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। রোববার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার তালোড়া ইউনিয়নের তাল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাঈম ইসলাম চঞ্চল ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যায় সৎ মায়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে চঞ্চল নিজ কক্ষে সবার অগোচরে গলায় ফাঁস দেয়।

পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে নিজ শয়নকক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দুপচাঁচিয়া থানার ওসি আফজাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।