ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তেল নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই : প্রতিমন্ত্রী

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০২:০২ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

বগুড়ার শিবগঞ্জে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবা কর্মসূচিকে কেন্দ্র করে জনসেবামূলক উদ্যোগ ও সমসাময়িক জাতীয় ইস্যু দুইয়েরই প্রতিফলন ঘটেছে স্থানীয় এক ব্যতিক্রমধর্মী আয়োজনে।

সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেল নিয়ে মানুষের মাঝে কিছুটা উদ্বেগ তৈরি হলেও দেশে সরবরাহ ও মজুত স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, সরকার পরিকল্পনা অনুযায়ী, আগামী জুন পর্যন্ত জ্বালানি তেল সাশ্রয় ও সরবরাহ বজায় রাখতে কার্যকর ব্যবস্থা নিয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, তেল নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। সরবরাহ ও মজুত ঠিক আছে, সিস্টেমের মধ্যেই রয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে হয়তো আরও কিছুদিন সময় লাগতে পারে।

তিনি আরও জানান, সরকার জ্বালানির দাম না বাড়িয়ে বরং ভর্তুকির মাধ্যমে উচ্চমূল্যে তেল আমদানি করে জনগণের কাছে সহনীয় দামে সরবরাহ করছে। এ খাতে জুন পর্যন্ত সরকারের ব্যয় হবে প্রায় ৩৬ হাজার কোটি টাকা।