বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) সকালে বগুড়া-নাটোর মহাসড়কের কাথম বেড়াগাড়ী এলাকায় পড়ে থাকা ওই মরদেহটি ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা মাহাবুব রশিদ জানান, সকালে ঘুম থেকে উঠে সড়কের পাশে ছিন্নভিন্ন অবস্থায় মরদেহটি দেখতে পান তিনি। তার ভাষ্য অনুযায়ী, ওই সড়ক দিয়ে নিয়মিত এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নারী চলাচল করতেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি ওই নারীই হতে পারেন।
স্থানীয়দের ধারণা, রাতের কোনো একসময় দ্রুতগতির কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু ঘটে। পরবর্তীতে দীর্ঘ সময় মরদেহটি সড়কে পড়ে থাকায় একাধিক যানবাহনের চাপায় দেহটি মারাত্মকভাবে বিকৃত হয়ে যায়, ফলে পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার এএসআই গনেশ চন্দ্র রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। দেহটি এতটাই বিকৃত ছিল যে মুখমণ্ডল দেখে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে তা নিশ্চিত হতে তদন্ত চলছে। একইসঙ্গে নিহত নারীর পরিচয় শনাক্তে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় নেমে এসেছে অজানা শঙ্কা। পরিচয়হীন এই মৃত্যুর রহস্য উদঘাটনে এখন তাকিয়ে আছে পুরো এলাকা।


