ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ গ্রেপ্তার ১

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৮:১৪ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার আদমদীঘিতে ব্যাটারিচালিত একটি অটোভ্যান চুরি করে পালানোর সময় আব্দুল হালিম (২১) নামের এক চোরচক্রের সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির তিনমাথা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল হালিম বগুড়ার কাহালু উপজেলার দেওগ্রামের মৃত একরাম হোসেনের ছেলে। এ ঘটনায় রাতে ভ্যানের মালিক আদমদীঘির তারতা কুমারপাড়ার জাকির হোসেন বাদী হয়ে থানায় একটি চুরি মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, গত শনিবার বিকেলে আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির তারতা কুমারপাড়ার ব্যাটারিচালিত অটোভ্যান চালক জাকির হোসেন তার ব্যবহৃত অটোভ্যানটি কুন্দগ্রাম তিনমাথা মোড়ে রাস্তার পাশে রেখে পানি পান করতে পাশে একটি চায়ের দোকানে যান। এ সুযোগে আব্দুল হালিম নামের ওই ব্যক্তি অটোভ্যানটি চুরি করে পালানোর চেষ্টা করেন। স্থানীয় জনতা বিষয়টি দেখতে পেয়ে ধাওয়া করে কিছু দূরে তাকে ভ্যানসহ আটক করে পুলিশে সোপর্দ করেন।

আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া বলেন, ‘গ্রেপ্তারকৃত আব্দুল হালিম একজন পেশাদার চোরচক্রের সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি মামলা রয়েছে। গতকাল রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।’