ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন জিল্লুর রহমান

​দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ১২:০২ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

বাবার মৃত্যুর খবর শুনে শেষবারের মতো দেখতে ও জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন চেক ডিজঅনার মামলায় কারাবন্দি আসামি মো. জিল্লুর রহমান।

বুধবার (১৫ জুলাই) দুপুর আড়াইটায় হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সাড়ে তিন ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

​কারাগার ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বনতেতুলিয়া গ্রামের বাসিন্দা ও মৃত ওসমান প্রাং-এর ছেলে মো. জিল্লুর রহমান একটি চেক ডিজঅনার মামলায় বগুড়া জেলা কারাগারে হাজতি হিসেবে বন্দি রয়েছেন। সম্প্রতি তার পিতা ওসমান প্রাং মৃত্যুবরণ করেন। ​পিতার দাফনের কাজ ও জানাজায় অংশ নেওয়ার জন্য জিল্লুর রহমানের পক্ষে আদালতে প্যারোলে মুক্তির আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

​আদালতের নির্দেশনা অনুযায়ী, বুধবার দুপুর আড়াইটায় কড়া পুলিশ প্রহরায় (পুলিশ স্কট) জিল্লুর রহমানকে বগুড়া জেলা কারাগার থেকে মুক্তি দিয়ে দুপচাঁচিয়া উপজেলার বনতেতুলিয়া গ্রামের নিজ বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে তিনি তার প্রয়াত পিতার জানাজা ও দাফন কার্যে অংশগ্রহণ করেন।

​জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর প্যারোলের নির্ধারিত সময় শেষে সন্ধ্যা ৬ টার মধ্যে পুলিশ স্কটের মাধ্যমেই তাকে পুনরায় বগুড়া জেলা কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। আসামির প্যারোলে বাড়ি আগমন এবং বাবার শেষ বিদায়ে অংশ নেওয়ার সময় এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।