ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অপারেশন ডেভিল হান্টের মধ্যেই মশাল মিছিল

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০১:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

শাজাহানপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ভিডিও ঘিরে রহস্য ও বিতর্ক দেশজুড়ে যখন চলমান আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ , ঠিক সে সময় বগুড়ার শাজাহানপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মশাল মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক ও রহস্য।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে শাজাহানপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসেন ছান্নু তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি মশাল মিছিলের ভিডিও পোস্ট করেন। ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।

ভিডিও পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘অবৈধ তপশিল ও ক্যাঙারু কোর্টের রায়ের বিরুদ্ধে শাজাহানপুর উপজেলাসহ সারাদেশে অবৈধ গ্রেপ্তারের প্রতিবাদে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মশালসহ বিক্ষোভ মিছিল।’

নিষিদ্ধ সংগঠনের প্রকাশ্য কর্মসূচি? পোস্টটি ঘিরে প্রশ্ন উঠেছে চলমান কড়া অভিযানের মধ্যেও কীভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন প্রকাশ্যে মশাল মিছিল করতে পারে? নাকি এটি কেবল ভার্চুয়াল মাধ্যমে শক্তি প্রদর্শনের কৌশল?

ভিডিওতে রাতের অন্ধকারে একদল মানুষকে মশাল হাতে স্লোগান দিতে দেখা যায়। তবে ভিডিওটি কবে, কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য মেলেনি।

শাজাহানপুর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, “ফেসবুকে ভিডিওটি দেখার পর আমরা ব্যাপকভাবে অনুসন্ধান করেছি। শাজাহানপুরে এ ধরনের কোনো মশাল মিছিলের ঘটনা ঘটেনি। আমাদের ধারণা, ভিডিওটি অনেক আগে ধারণ করা হতে পারে, যা আজ পোস্ট করা হয়েছে।’

তার বক্তব্যে ইঙ্গিত মিলছে, এটি তাৎক্ষণিক কোনো কর্মসূচি না হয়ে পুরোনো ভিডিও হতে পারে, যা বর্তমান পরিস্থিতিতে নতুন করে প্রকাশ করা হয়েছে।

স্থানীয়দের কেউ কেউ বলছেন, চলমান অভিযানের প্রেক্ষাপটে এমন ভিডিও পোস্ট জনমনে বিভ্রান্তি ছড়াতে পারে। আবার অনেকে মনে করছেন, এটি মাঠের রাজনীতি নয়; বরং সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে উপস্থিতি জানান দেওয়ার একটি কৌশল।

তবে ভিডিওটির সত্যতা, সময় ও স্থান নির্ধারণ না হওয়ায় বিষয়টি এখনো ধোঁয়াশার মধ্যেই রয়ে গেছে।

পুলিশ জানিয়েছে, ভিডিওটি এবং সংশ্লিষ্ট পোস্ট গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপারেশন ডেভিল হান্টের মতো কঠোর অভিযানের মধ্যে এ ধরনের ভিডিও প্রকাশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।

বাস্তবে মিছিল, না ভার্চুয়াল শক্তি প্রদর্শন—তার উত্তর খুঁজছে প্রশাসন ও সচেতন মহল।