ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি তুলার কারখানা, একটি গোডাউন ও দুটি মুদি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে তুলা, মেশিন ও দোকানের বিভিন্ন ধরনের পণ্যসহ সবকিছু পুড়ে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
কারখানার মালিক মো. রুবেল মিয়া বলেন, ‘দরুইন এলাকায় আমার একটি তুলার কারখানা, একটি গোডাউন ও দুটি মুদি দোকান রয়েছে। প্রতিদিনের মতো কারখানায় শ্রমিকরা কাজ করছিলেন। দুপুরের দিকে হঠাৎ মেশিন চলাকালে মিটারে আগুন ধরে যায়।
মুহূর্তের মধ্যেই আগুন কারখানাসহ পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত এসে আগুন নেভানোর চেষ্টা করে নিয়ন্ত্রণে আনেন। এ সময় স্থানীয় লোকজনও তাদের সঙ্গে সহযোগিতা করেন। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও এর মধ্যেই তুলার কারখানা, গোডাউন ও দুটি মুদি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়। অনেক কষ্টে এসব গড়ে তোলা হয়েছিল। আগুনে পুড়ে আমার সবকিছু শেষ হয়ে গেছে।’
আখাউড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. নান্নু মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তুলার কারখানা, গোডাউনসহ দুটি দোকান সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


