ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় টাস্কফোর্সের অভিযানে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রিপিসসহ দুজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের দক্ষিণ চকবস্তা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। এতে অংশ নেয় কসবা থানা পুলিশ ও ৬০ ব্যাটালিয়ন বিজিবির একটি যৌথ দল।
আটকরা হলেন দক্ষিণ চকবস্তা গ্রামের আনোয়ার হোসেন (৩২) ও মো. মনির হোসেন (২৬)।
অভিযানে ২৬ বস্তা ভারতীয় শাড়ি ও থ্রিপিস জব্দ করা হয়। বিজিবির এক খুদে বার্তায় জানানো হয়েছে, জব্দকৃত এসব পণ্যের মূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কাপড়সহ দুইজনকে আটক করা হয়েছে। কসবা যেহেতু একটি সীমান্তবর্তী এলাকা, তাই অবৈধ চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও জনগণের আস্থা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকসহ সব ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



