ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের পৌরসভা দোলাবাড়ি গ্রামে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী প্রান্তিক বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শামীম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নবীনগর উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহত শামীম উপজেলার ভোলাচং গ্রামের পালপাড়ার বাসিন্দা। মোটরসাইকেলের অপর আরোহী মাসুদ (২৪) নামে এক যুবক গুরুতর আহত হন। আহত যুবকের বাবার নাম খোকন মিয়া, তার বাড়িও পালপাড়ায়। নবীনগর উপজেলা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে শামীমের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শামীম ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং আহত খোকনকে নবীনগর সরকারি হাসপাতালে পাঠান।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডা. রোকসানা জানান, ‘শামীম নামের এক যুবককে হাসপাতালে আনা হলে তাকে স্পট ডেথ ঘোষণা করা হয়।’ আহত খোকন বর্তমানে নবীনগর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নবীনগর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, বাসটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘাতককে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।


