ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

আখাউড়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৪:৫০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর ও রান্নাঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ অগ্নিকাণ্ডে অন্তত ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার রাতে উপজেলার মোগড়া ইউনিয়নের আদমপুর গ্রামে প্রবাসী মো. মোশারফ হোসেনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বাড়ির মালিক মো. আরু মিয়া বলেন, ‘আমার ছেলে প্রবাসে থাকে। বিকেলে ঘর তালা দিয়ে আমরা সবাই পাশের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। রাত ৯টার দিকে আমার মেয়ে দৌড়ে এসে জানায় ঘরে আগুন লাগছে। দ্রুত এসে দেখি ঘরের চারদিকে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে ঘরে থাকা আসবাবপত্র, টিভি, ফ্যান, ফ্রিজসহ নানা ধরনের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এই আগুনে অন্তত ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করছি কেউ শত্রুতামূলক এ কাজ করেছে।’

স্থানীয় বাসিন্দা মো. আকরাম হোসেন বলেন, ‘রাতে চিৎকার শুনে দ্রুত এসে দেখি ঘর আগুন ও ধোঁয়ায় ভরে গেছে। এরপর ফায়ার সার্ভিসকে ফোন দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’

আখাউড়া ফায়ার সার্ভিস অফিসার মো. নান্নু মিয়া বলেন, ‘কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো পরিষ্কার নয়। খবর পেয়ে দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’