ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রি, অর্থদণ্ড

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৯:৫৫ পিএম
অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রি করায় অর্থদণ্ড। ছবি : রূপালী বাংলাদেশ

ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সরকার নির্ধারিত মূল্য নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৭ মার্চ) দিনব্যাপী উপজেলার কুটি চৌমুহনী, বায়েক ও কায়েমপুর ইউনিয়নের নোয়াগাঁও মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ফিলিং স্টেশন ও খুচরা বিক্রয় কেন্দ্র পরিদর্শন করা হয়। এ সময় মেসার্স ড্রাইভার ভিউ ফিলিং স্টেশনসহ একাধিক প্রতিষ্ঠান তদারকির আওতায় আনা হয়।

অভিযান চলাকালে বায়েক চৌমুহনী এলাকায় ফুল মিয়া মেম্বারের দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল ও অকটেন বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবিরকে তাৎক্ষণিকভাবে ৫ হাজার টাকা জরিমানা করেন।

এ ছাড়া একই দিনে নোয়াগাঁও মোড়ে নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে পেট্রোল ও ডিজেল বিক্রির দায়ে শাহ আলম (৬২) নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।

অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম বলেন, জ্বালানি তেলের মতো গুরুত্বপূর্ণ পণ্যে কোনো ধরনের অনিয়ম ও অতিরিক্ত মূল্য আদায় সহ্য করা হবে না। ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।