ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্বাস্থ্যসেবায় কোনো সিন্ডিকেট, দালাল বা অনিয়ম চলতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান। তিনি বলেন, স্বাস্থ্যসেবা জনগণের অধিকার- এখানে প্রভাব, পরিচয় বা স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য বিভাগের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি বলেন, বিএনপির কোনো নেতাকর্মী বা আত্মীয়ের পরিচয় দিয়েও কেউ অপকর্ম করলে ছাড় দেওয়া হবে না। কোনো অনিয়ম, দুর্নীতি বা হয়রানি বরদাস্ত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
তিনি আরও বলেন, নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার কাজ চলছে। উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার সমন্বিতভাবে কাজ করছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, ইউএনও মো. মাহমুদুল হাসান এবং আখাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হিমেল খান।
সভা শেষে এমপি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ ও হাসপাতালের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন