ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালাল দুই আসামি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৭:০৫ এএম
তাৎক্ষণিক অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে মাদক মামলার দুই আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযানে একজনকে পুনরায় আটক করা হলেও অন্যজন এখনো পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, বাঞ্ছারামপুর থানার মাদক মামলার আসামি সজল মিয়া (২৭) ও শাহিন মিয়াকে (২৯) গত ৪ মে বিকেলে আয়ুবপুর কানাইনগর এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৫ মে) দুপুরে তাদের আদালতে হাজির করার জন্য দুই কনস্টেবল মাইক্রোবাসে করে ব্রাহ্মণবাড়িয়া আদালতে নিয়ে আসেন।

আদালত চত্বরে পৌঁছে গাড়ি থেকে নামানোর সময় হঠাৎ দৌড়ে পালিয়ে যান দুই আসামি। পরে বাংলাদেশ পুলিশ ও ডিবির সদস্যরা যৌথ অভিযান চালিয়ে প্রায় এক ঘণ্টা পর সজল মিয়াকে আটক করতে সক্ষম হন।

পলাতক শাহিন মিয়াকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আসামিরা বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশিনগর এলাকার বাসিন্দা।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন বলেন, ‘কোর্ট চত্বর থেকে দুই আসামি পালিয়ে যায়। একজনকে আটক করা হয়েছে, অন্যজনকে গ্রেপ্তারে অভিযান চলছে। আসামিরা হাতকড়া পরা অবস্থায় ছিল—কীভাবে তা খুলেছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

কোর্ট পরিদর্শক মো. হাবিবুল্লাহ জানান, আদালতে সোপর্দ করার আগেই গেটের সামনে গাড়ি থেকে নামানোর সময় তাঁরা পালিয়ে যান।