ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চার শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (২০ মে) বিকেলে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া।
নিহতরা হলেন— কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া পূর্বপাড়ার রোকন আলীর ছেলে হৃদয় (২৬), ধর্মতীর্থ এলাকার শুকুর আলীর ছেলে আরমান (১৮), গলানিয়া পশ্চিমপাড়ার মোশারফ হোসেনের ছেলে ইমাম হোসেন (২৬) এবং গলানিয়া মধ্যপাড়ার দুলাল মিয়ার ছেলে মমসাদ (১৭)। তারা সবাই সরাইল উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে গলানিয়া গ্রামের বাসিন্দা আলী মিয়ার বাড়ির নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করতে নামেন হৃদয় ও মেহেদী। দীর্ঘ সময় পার হলেও তারা ওপরে না উঠলে তাদের খোঁজ নিতে আরমান ও ইমাম ট্যাংকের ভেতরে নামেন। পরে চারজনই বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। বিকেল সাড়ে ৫টার দিকে সেপটিক ট্যাংক থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-পরিচালক ফারুক আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন