ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তৃতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে তার বড় বোনের সাবেক স্বামী ও তার সহযোগীরা অপহরণ করেছেন। এ ঘটনায় শিশুটির মা নবীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ বলছে, শিশুটিকে উদ্ধারে অভিযান চলছে।
নিখোঁজ শিশু মো. আবদুল্লাহ (৯) নবীনগর পৌরসভার নারায়ণপুর গ্রামের বাসিন্দা মো. নবী মিয়ার ছেলে। সে নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের সদস্যদের ভাষ্য, চার বছর আগে আবদুল্লাহর বড় বোন রিমা আক্তারের সঙ্গে আলমনগর গ্রামের নুরুন্নবী মিয়ার ছেলে খলিল মিয়ার বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে প্রায় এক মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর থেকে খলিল মিয়া ও তার পরিবারের সদস্যরা রিমা এবং তার স্বজনদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ পরিবারের।
পরিবারের দাবি, গত রোববার (৬ জুলাই) সকালে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসার সামনে থেকে আবদুল্লাহকে খলিল মিয়া ও তার কয়েকজন সহযোগী প্রলোভন দেখিয়ে জোর করে নিয়ে যান। এরপর থেকে শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি।
আবদুল্লাহর মা সুফিয়া বেগম বলেন, ডিভোর্সের পর থেকেই খলিল আমাদের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। রোববার আমার ছেলে মাদ্রাসা থেকে ফেরার পথে তাকে তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাইনি।
নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি রফিকুল ইসলাম বলেন, ঘটনার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত শিশুটিকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাই।
নবীনগর থানার ওসি মোর্শেদুল আলম চৌধুরী বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পর থেকেই শিশুটিকে উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে। আশা করছি দ্রুত তাকে উদ্ধার করা সম্ভব হবে।

