ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

বিজিবির অভিযানে কোটি টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৩:২৪ পিএম
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ১৭ লাখ টাকা মূল্যের ৩ হাজার ৯৬০টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মালামাল বহনে ব্যবহৃত দুটি বাইসাইকেলও জব্দ করা হয়।

বিজিবির সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানায়, শনিবার (১১ জুলাই) রাত ১২টা ১৫ মিনিটের দিকে আলীনগর বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী ভাগলপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২০১৪/২-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নিয়ে নজরদারির সময় ৭ থেকে ৮ জন চোরাকারবারিকে ভারত থেকে দুটি বাইসাইকেলে চটের বস্তা বহন করে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা বস্তা ও বাইসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে বস্তাগুলো তল্লাশি করে কার্টনের মধ্যে কসটেপ দিয়ে অভিনব কৌশলে লুকানো ৩ হাজার ৯৬০টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মোবাইল ডিসপ্লে ও জব্দ করা দুটি বাইসাইকেলসহ মোট মালামালের আনুমানিক সিজারমূল্য ৩ কোটি ১৭ লাখ টাকা। জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।