ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

মাটিরাঙ্গায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিএনপি নেতারা

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৩:১৯ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এসব এলাকা পরিদর্শন করেছেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। পরিদর্শনকালে তারা ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন।

শনিবার (১১ জুলাই) সকাল থেকে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলমের নেতৃত্বে উপজেলার তাইন্দং, তবলছড়ি, বড়নাল, বেলছড়ি ও আমতলী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন বিএনপির নেতৃবৃন্দ।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, সহসভাপতি ললিত বিকাশ ত্রিপুরা, প্রচার সম্পাদক সনি ত্রিপুরা, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার ও সদস্যসচিব ফোরকান ইমামী ছাড়াও বড়নাল ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মো. জামাল উদ্দিন জালাল, তবলছড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী লিটন, সদস্যসচিব হেলাল উদ্দিন, তাইন্দং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক করম আলী মেম্বার, সদস্যসচিব তৌফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টানা অতিভারী বৃষ্টির পর প্লাবিত এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করেছে। তবে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পানি নামার সঙ্গে সঙ্গে দৃশ্যমান হচ্ছে গ্রামীণ সড়কগুলোর ক্ষতচিহ্ন। বিশেষ করে উপজেলার অভ্যন্তরীণ গ্রামীণ সড়ক এবং সেতু-কালভার্টগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হচ্ছে। তবলছড়ি খাদ্যগুদাম সড়কের অবস্থা বেহাল। গুরুত্বপূর্ণ এ সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়কে ইতোমধ্যে বড় ধরনের ধস শুরু হয়েছে। রাস্তাঘাট ভেঙে ও দেবে যাওয়ার কারণে উপজেলার বিভিন্ন এলাকার সঙ্গে মূল সড়কের যোগাযোগ ব্যাহত হচ্ছে। দ্রুত এসব সড়ক মেরামত করা না হলে বিস্তীর্ণ এলাকা সম্পূর্ণ যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম বলেন, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জানমালের ক্ষতি না হলেও গ্রামীণ সড়কগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। কর্মহীন হয়ে পড়েছেন নিম্নআয়ের মানুষ।

খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়ার নির্দেশে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের কথা জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সড়কগুলো দ্রুত মেরামত করা না হলে এখানকার সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে।