ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

আ.লীগের উপদেষ্টাসহ গ্রেপ্তার ৫

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৮:৫১ এএম
ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি- সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রবাসী শাখার এক নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আখাউড়া থানার ওসি মো. জাবেদ উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামের শহীদ মেম্বারের ছেলে দুবাইপ্রবাসী ও উপজেলা প্রবাসী আওয়ামী লীগের উপদেষ্টা মো. নান্নু (৫১), পৌর এলাকার দুর্গাপুর গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে ও ওয়ার্ড যুবলীগের সদস্য মো. বাহাউদ্দিন বাবুল (৫২), মনিয়ন্দ ইউনিয়নের ধর্মনগর গ্রামের হারুন চৌধুরীর ছেলে উপজেলা আওয়ামী লীগের কর্মী মামুন চৌধুরী (৪০), ধরখার ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মফিজুল হকের ছেলে ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক রাব্বি (২৬) এবং একই গ্রামের মৃত আবু তাহের ভুঁইয়ার ছেলে ওই ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ইসমাইল ভুঁইয়া (৪৫)।

থানা সূত্র জানায়, ৫ আগস্ট পটপরিবর্তনের পর বর্তমান সরকারকে ‘গণবিপ্লবী’ আখ্যা দিয়ে উৎখাতের চেষ্টার অভিযোগে গত বছরের ১৮ নভেম্বর আখাউড়া থানার পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে। ওই মামলায় সোমবার বিশেষ অভিযান চালিয়ে এক দুবাইপ্রবাসীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ওসি মো. জাবেদ উল ইসলাম বলেন, গ্রেপ্তার সবাই আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

বর্তমান পরিস্থিতিতে তারা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন এমন গোপন সংবাদের ভিত্তিতে ‘ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।