ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

কনের ভাইয়ের ইটের আঘাতে বরের মায়ের মৃত্যু, আটক ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৯:০৬ এএম
স্বজনের আহাজারি। ছবি- সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় পালিয়ে বিয়ের ঘটনাকে কেন্দ্র করে কনের ভাইয়ের ইটের আঘাতে বরের মা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দীপালি রানী দাস (৫৫) কাঞ্চনপুর এলাকার মৃত শয়লেন চন্দ্র দাসের স্ত্রী।

নিহতের মেয়ে ইতি দাস জানান, তিন মাস আগে তার ভাই সবুজ চন্দ্র দাস পাশের বাড়ির সুকেশ চন্দ্র দাসের মেয়ে সুইটি রানী দাসকে পালিয়ে বিয়ে করেন। এ বিয়ে মেনে নিতে না পেরে মেয়ের পরিবারের লোকজন বিয়ের পর থেকেই তাদের পরিবারকে হুমকি ও ভয়ভীতি দেখাতে থাকেন। একপর্যায়ে নিরাপত্তাহীনতায় তারা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেন।

সম্প্রতি বাড়িতে ফিরে এলে আবার কনেপক্ষের লোকজন হামলা ও ভয়ভীতি শুরু করে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে স্থানীয় বাজারে বর সবুজের পরিবারের সদস্যদের ওপর হামলা হয়। দুপুরে এ ঘটনার প্রতিবাদ জানাতে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সবুজের শ্যালক নিলয় চন্দ্র দাস ইট দিয়ে দীপালি রানী দাসের মাথা ও মুখে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জিজ্ঞাসাবাদের জন্য ছেলের শ্বশুরবাড়ির তিনজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।