ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে চাঁদপুরে ইমাম সম্মেলন

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৪:৩৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে চাঁদপুর জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলা কার্যালয়ের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দুই শতাধিক ইমাম অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘ইমামরা গণভোটের প্রচারণায় বিশেষ ভূমিকা রাখবেন এবং রাষ্ট্রের জন্য হ্যাঁ ভোটের গুরুত্ব তুলে ধরবেন।’

তিনি আরও বলেন, ‘ইসলামিক ফাউন্ডেশন থেকে ইমামদের জন্য দুটি ভোটের বিষয়ে নির্দেশনা এসেছে। একটি হচ্ছে জাতীয় নির্বাচন এবং আরেকটি গণভোট। সকলের অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন। আমি আপনাদের বলছি, মুসল্লিদের উদ্দেশ্যে হ্যাঁ ভোট থাকলে হ্যাঁ ভোট দেবেন।’

ডিসি আরও যোগ করেন, ‘নির্বাচন পর্যন্ত যদি আমি বেঁচে থাকি, আমার মাধ্যমে কোনো অনিয়ম ঘটবে না। কোনো পক্ষের পক্ষপাতিত্ব নয়, নিরপেক্ষভাবে স্বচ্ছতা ও দৃঢ়তার সঙ্গে চাঁদপুর জেলায় একটি সুন্দর নির্বাচন করব। এটি আমি আপনাদের সাথে প্রতিশ্রুতি দিচ্ছি।’

তিনি বলেন, ‘বিগত নির্বাচনে অনেক সমস্যা দেখা দিয়েছিল। আমি কোনো রাজনৈতিক দলকে উল্লেখ করছি না। সেই সময় অনেক কু-সংস্কার ছিল। আমরা এখন সেই খোলসটি টেনে নতুনভাবে আনার চেষ্টা করছি। এটি সহজ কাজ নয়। তাই আমাদের সবাইকে সজাগ থাকতে হবে এবং সৎভাবে নির্বাচন করতে হবে।’

অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. সেলিম সরকার।

দেশের মঙ্গল ও সমৃদ্ধির জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ মডেল মসজিদের খতিব মাওলানা মো. মিজানুর রহমান।