চাঁদপুরের ফরিদগঞ্জে স্বতন্ত্র প্রার্থী (চিংড়ি প্রতীক) ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ভ্রাম্যমাণ আদালত দুজনকে আটক করে এক মাসের কারাদণ্ড দিয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে সংঘটিত এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
নির্বাচনি প্রচারের সময় চার দফায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে হঠাৎ উত্তেজনা সৃষ্টি হলে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে ঘটনাস্থল থেকে আবুল কাশেম (৩৬) ও আল আমিন (২৬) নামে দুজনকে আটক করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া জানান, সংঘর্ষের খবর পাওয়া মাত্রই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, উভয় প্রার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার পূর্ণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সংঘর্ষের ঘটনায় এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।


