চাঁদপুরের বিভিন্ন মার্কেটে ঈদ পোশাকে দ্বিগুণ লাভসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) জেলা শহরের হাকিম প্লাজা, সরদার প্লাজা ও কোর্ট স্টেশন এলাকায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি জানান, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিদেশি কসমেটিকসে আমদানিকারকের স্টিকার না থাকায় আরিশা স্টোরের মালিককে ৫ হাজার টাকা এবং একই অপরাধে অরবিন্দ মার্টের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পোশাকে দ্বিগুণের বেশি লাভ করার প্রমাণ পাওয়ায় নিউ কটন ক্লাবের মালিককে ৩ হাজার টাকা এবং পণ্যের ক্রয়ের রশিদ না রাখা ও অতিরিক্ত মুনাফা করার দায়ে এবি কালেকশনের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে ১৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
অধিক মুনাফাকারী প্রতিষ্ঠানগুলোকে আগামী তিন দিনের মধ্যে পণ্যের মূল্য সংশোধনের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন, জনসচেতনতা বৃদ্ধি এবং ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
অভিযানে জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম, সদর স্বাস্থ্য পরিদর্শক নীনা আক্তার এবং জেলা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।


