চাঁদপুরে বিদ্যুৎপৃষ্টে মাইনুদ্দিন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মদিনা মার্কেটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইনুদ্দিন ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তা নয়ারহাট গ্রামের মোক্তার হোসেনের ছেলে।
চাচাতো ভাই মুন্না ও তার বন্ধুরা জানান, মাইনুদ্দিন মদিনা মার্কেট এলাকায় গাছের গুঁড়ি ক্রেনের মাধ্যমে গাড়িতে ওঠানোর কাজে নিয়োজিত ছিলেন। গাছের গুঁড়ি গাড়িতে উঠানোর সময় ক্রেনটি বৈদ্যুতিক তারের সঙ্গে সংযুক্ত হয়ে যায়। ক্রেনটি ধরার সঙ্গে সঙ্গে মাইনুদ্দিন বিদ্যুৎপৃষ্ট হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা-নিরিক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল আহসান জানান, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। লাশটির সুরতহাল রিপোর্ট তৈরির জন্য পুলিশকে অবহিত করা হয়েছে।

