চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, দেশের ছিন্নমূল, অসহায় ও দরিদ্র মানুষদের নিয়ে যিনি ভাবেন, তিনি হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুরের অসহায় মানুষদের জন্য সাত লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে প্রত্যেক ব্যক্তি দুই হাজার টাকা করে পাবেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুস্থদের মাঝে নগদ অর্থ প্রদান এবং প্রতিবন্ধিদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি বলেন, নির্বাচনের পূর্বেই আমরা পরিকল্পনা করেছি চাঁদপুরে ইপিজেড হবে। এতে লোকজনের কর্মসংস্থান তৈরি হবে, কেউ বেকার থাকবে না এবং দরিদ্র মানুষের সংখ্যা কমে আসবে। সরকার প্রতিবন্ধি ব্যক্তিদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং তাদের জীবনমান উন্নয়নে বিভিন্ন সহায়তা প্রদান করছে। তিনি প্রতিবন্ধি ও সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে সকলকে আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. এন জামিউল হিকমা এবং সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রণি।
উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপি সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ ও চাঁদপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী।
অনুষ্ঠানে চাঁদপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে ১৫টি হুইলচেয়ার, তিনটি ট্রাইসাইকেল এবং ৭ জনকে হিয়ারিং এইড প্রদান করা হয়। এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৩৫০ জন দুস্থ ও গরিবের মধ্যে দুই হাজার টাকা করে বিতরণ করা হয়, মোট বরাদ্দ ছিল সাত লাখ টাকা।

