চাঁদপুরের কচুয়া উপজেলার বুধুন্ডা গ্রামের তেগুরিয়া বিলে সেচ পাম্পের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরির ঘটনায় প্রায় ২০০ কৃষক চরম বিপাকে পড়েছেন। ৭৫ একর জমিতে বোরো আবাদ নির্ভর এই এলাকায় হঠাৎ সেচ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
জানা যায়, মিলন হোসেনের মালিকানাধীন একটি সেচ পাম্প থেকে ক্যাপাসিটার, স্টাটার ও মেইন সুইচসহ গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক যন্ত্রাংশ চুরি হয়ে যায়। এতে পুরো সেচ কার্যক্রম বন্ধ হয়ে পড়ে, যা সরাসরি প্রভাব ফেলছে বোরো ধান উৎপাদনে।
পাম্পটির দেখাশোনার দায়িত্বে থাকা শ্রমিক মকবুল হোসেন জানান, শনিবার (২৮ মার্চ) রাত ১১টা পর্যন্ত তিনি পাম্পে ছিলেন। পরদিন রোববার (২৯ মার্চ) সকালে এসে দেখেন পাম্পের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশগুলো চুরি হয়ে গেছে।
ভুক্তভোগী আলমগীর হোসেন বলেন, আমি কয়েক বছর ধরে এই পাম্পের মাধ্যমে কৃষকদের সেচ সুবিধা দিয়ে আসছি। হঠাৎ এই চুরির ঘটনায় প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে এবং পুরো সেচ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।
স্থানীয়দের ধারণা, বুধুন্ডা-তেগুরিয়া সংযোগ সড়কটি জনবহুল হওয়ায় পরিকল্পিতভাবে চুরির ঘটনা ঘটানো হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক মো. কবির হোসেন, জাহাঙ্গীর হাজী, আলম বক্কাল ও মনতাজ তালুকদার জানান, সেচ বন্ধ হয়ে যাওয়ায় তাদের ফসল মারাত্মক ঝুঁকিতে পড়েছে। দ্রুত পাম্প চালু না হলে জমির ব্যাপক ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন তারা।
স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হারুনুর রশিদ বলেন, সকালে বিষয়টি জানতে পেরেছি। তবে এখনো এ বিষয়ে কোনো অভিযোগ করা হয়নি। এলাকায় রাতে গ্রাম পুলিশ না থাকায় এমন ঘটনা ঘটতে পারে।
কচুয়া থানার ওসি বোরহান উদ্দিন বলেন, চুরির ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
এ বিষয়ে বিতাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. রাকিবুল ইসলামের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

