ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চাঁদপুরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৩:১৪ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নে গাছ কাটতে উঠে অসতর্কতাবশত পড়ে গিয়ে রফিক পাটোয়ারী (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে ইউনিয়নের ছোট সুন্দর ও ইসলামপুর ব্রিজসংলগ্ন বেপারী বাড়ির সেলিমের গাছ কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিক পাটোয়ারী উত্তর-পশ্চিম ছোট সুন্দর গ্রামের পাটোয়ারী (হাইড্ডার বাড়ি) বাড়ির মৃত ফরিদ উদ্দিন পাটোয়ারীর ছেলে। তিনি চার সন্তানের জনক।

পেশায় দিনমজুর ও কৃষিকাজের পাশাপাশি মাঝে মাঝে গাছ কাটার কাজ করতেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী।

স্থানীয় মুদি ব্যবসায়ী মিজানুর রহমান জানান, রফিক পাটোয়ারী কৃষিকাজের পাশাপাশি মাঝে মাঝে গাছ কাটার কাজ করতেন। ঘটনার দিন তিনি বেপারী বাড়ির সেলিমের গাছ কাটতে যান। গাছ কাটার সময় হঠাৎ নিচে পড়ে মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, বিষয়টি তিনি অবগত। পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি। স্বজনরা হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।