গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পল্লী সঞ্চয় ব্যাংক এমন মন্তব্য করেছেন ব্যাংকটির পরিচালক ও বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরে আলম তালুকদার। গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) চাঁদপুর জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত পারফরমেন্স মূল্যায়ন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চাঁদপুর জেলা আঞ্চলিক কার্যালয়ের কনফারেন্স রুমে পল্লী সঞ্চয় ব্যাংকের ২০২৫-২৬ অর্থবছরের পারফরমেন্স মূল্যায়ন, ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ বিষয়ক এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার সকল শাখার ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি নুরে আলম তালুকদার ব্যাংকের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করেন এবং গ্রামীণ অর্থনীতিতে আরও গতিশীলতা আনতে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও বিভাগীয় মনিটরিং কর্মকর্তা জামাল উদ্দিন এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও বোর্ড সচিব মুহাম্মদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শরিয়ত উল্লাহ সায়েম।
মতবিনিময় সভায় কর্মকর্তারা নিজ নিজ শাখার অর্জন ও চ্যালেঞ্জ তুলে ধরেন। পাশাপাশি ব্যাংকিং সেবার মানোন্নয়ন এবং নির্ধারিত সময়ের মধ্যে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় আশা প্রকাশ করা হয়, আধুনিক ও জনবান্ধব ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পারলে পল্লী সঞ্চয় ব্যাংক তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।
সভা শেষে নুরে আলম তালুকদার হাজীগঞ্জ উপজেলা শাখা পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।


