ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চাঁদপুরে মাদকবিরোধী অভিযান : ইয়াবা-টাকা জব্দ, একজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৭:৪৮ পিএম
ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : রূপালী বাংলাদেশ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে প্রশাসন। একই দিনে পৃথক আরেক অভিযানে মাদকসহ কাঞ্চন সওদাগর (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয় এবং তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এআরএম জাহিদ হাসান। উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান।

উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের লক্ষীপুর গ্রাম এবং একই ইউনিয়নের ঘনিয়া গ্রামের পাঠান বাড়ি সংলগ্ন এলাকায় পৃথক দুটি অভিযান চালানো হয়। এসব অভিযানে মোট ১ হাজার ১২০ পিস ইয়াবা, নগদ ১৮ হাজার ২২৫ টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

একই দিনে শ্রীকালিয়া বাইদ্যা বাড়ি এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই পিস ইয়াবা ও দুই গ্রাম গাঁজাসহ নেশাগ্রস্ত অবস্থায় জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়।

ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদ হাসান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় উপজেলার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকদ্রব্য উদ্ধার এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।