ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ, উদ্ধার ১

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৭:০৮ এএম
নিখোঁজ শিশুদের স্বজনদের আহাজারি

চাঁদপুর সদর উপজেলার ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে শাহাদাত (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর শিশু মাহমুদ (৭) এখনো নিখোঁজ রয়েছে।

রোববার (১৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার বাগাদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মমিনপুর গ্রামের দক্ষিণ মিজি বাড়ি সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।

নিহত শাহাদাত ওই গ্রামের মো. আলী হাওলাদারের ছেলে। নিখোঁজ মাহমুদ একই গ্রামের মো. মাইনুদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, কয়েকজন শিশু একসঙ্গে নদীতে গোসল করতে নেমেছিল। কিছুক্ষণ পর শাহাদাত ও মাহমুদকে আর খুঁজে পাওয়া যায়নি।

খবর পেয়ে প্রায় দেড় ঘণ্টা পর চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে শাহাদাতকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিখোঁজ মাহমুদকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালালেও সন্ধ্যার আগে তা স্থগিত করা হয়।

চাঁদপুর ফায়ার সার্ভিস সদর স্টেশনের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ বলেন, নিখোঁজ শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।